সড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট; নিয়ন্ত্রণ করবে কে?
- আপডেট এর সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / 84
রাজধানী ঢাকা এখন রিকশার শহর।অবৈধ ব্যাটারি চালিত রিকশার দাপটে সড়কে অন্য যানবাহন ও
মানুষের চলাচল করা দায়। রিকশার দাপটে যানজট বেড়েছে, দ্রুতগতির যানবাহনের গতি কমেছে,
সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মাঝে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল নিষিদ্ধ
থাকলেও এখন রাজধানীসহ সারা দেশের সব সড়কে রাজত্ব চলছে ব্যাটারিচালিত রিকশার।
দেশে বৈধ যানবাহন আছে ৬২ লাখের মতো। আর সরকারের বিবেচনায় ‘অবৈধ’ তিন চাকার যানবাহন
আছে প্রায় ৭০ লাখ। বৈধ যানের ২ শতাংশের কম বাস-মিনিবাসসহ গণপরিবহন। চাহিদার তুলনায়
গণপরিবহনের এই স্বল্পতার সুযোগে কারিগরিভাবে ত্রুটিপূর্ণ তিন চাকার ব্যাটারি ও ইঞ্জিনচালিত
রিকশায় ঢাকাসহ সারা দেশ ছেয়ে গেছে। এসব যান বাড়তে দিয়ে এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং
ত্রুটিপূর্ণ এই যানবাহনগুলো দুর্ঘটনা বাড়াচ্ছে।
ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ তিন চাকার যানবাহনের প্রকৃত হিসাব সরকারের কোনো
দপ্তরেই নেই। তবে গত বছর ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের পর রিকশা চালকদের
আন্দোলনের সময় বিভিন্ন পরিসংখানে উঠে আসে, শুধু রাজধানীতেই ১২ লাখের বেশি ব্যাটারিচালিত
অটোবিকশা রয়েছে।
সাধারণ পথচারী ও গণপরিবহন ও ব্যাক্তিগত গাড়ির চালকরা জানান, দিন দিন বেপরোয়া হয়ে ওঠো
এই অটোরিকশার কারণে রাজধানীর অধিকাংশ সড়কেই চলাচল করা দায় হয়ে পড়েছে। কোন প্রকার
নিয়ম না মেনে যত্রতত্র বেপরোয়া গতিতে ছুটছে এই অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন— শুধু প্রধান সড়কেই নয়, দীর্ঘমেয়াদে শাখা সড়কেও অটোরিকশা চলা উচিত
নয়, কারণ তাদের নিয়ন্ত্রণহীন গতি বিভিন্ন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি
বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৯০০টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫৮২টি মারাত্মক
ছিল।
পরিস্থিতি বিবেচনায় যাত্রীবাহী বাস চলাচল করে, এমন সড়কসহ রাজধানীর প্রধান সড়কে
ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার
শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও
অনেক সমস্যা সৃষ্টি করছে। পুলিশকে এসব সমস্যার সমাধান করতে হবে। বাস চলাচল করে, এমন
সড়কসহ মূল সড়কে যেন এসব ব্যাটারিচালিত রিকশা না চলে, সে জন্য মালিক-শ্রমিক সবাইকে
নির্দেশ দেন তিনি।
ঢাকা মহানগরের পুলিশের প্রধান বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ
চলমান। প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার
মালিক হতে পারবেন না।




















