‘অপারেশন ডেভিল হান্ট ফেজ’-২: কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
- আপডেট এর সময় : ১২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 148
কক্সবাজারের মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ’-২-এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ) সকালে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৬টার দিকে মিন্টু বাহিনীর গোপন আস্তানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















