নিকুঞ্জে আবাসিক ভবনে মিনি মদের বার ও শিসা বার, অভিযান চলমান
- আপডেট এর সময় : ০৯:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 29
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে গোপনে পরিচালিত মিনি মদের বার ও শিসা (হুক্কা) বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, শিসা সরঞ্জাম ও হুক্কা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জের একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের ভেতরে অবৈধভাবে পরিচালিত মিনি বার ও শিসা বারের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, শিসা তৈরির সরঞ্জাম এবং একাধিক হুক্কা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং নির্দিষ্ট গ্রাহকদের কাছে সেবা দেওয়া হতো।
ডিএনসি জানায়, অভিযান এখনো চলমান। অভিযান শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত তথ্য জানানো হবে।




















