নয়াদিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা হেনস্তা: ভারতের আমন্ত্রণ উপেক্ষা করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- আপডেট এর সময় : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 23
নয়াদিল্লি বিমানবন্দরে দীর্ঘ দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে চলমান আন্তর্জাতিক বৈঠকে অংশ না নিয়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজেই এ তথ্য জানান।
গত রোববার সন্ধ্যায় ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। গত শুক্রবারই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সফরের বিষয়টি অবহিত করেছিল। কিন্তু কূটনৈতিক চিঠি দিয়ে আগে থেকে সফরসূচি জানানোর পরও দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রাখে।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিমানবন্দরে তাকে আটকে রাখার পর একপর্যায়ে ভারতের উচ্চ মহলের নির্দেশে ইমিগ্রেশনের অনুমতি দেওয়া হয়। এমনকি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশ করে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জোরালো অনুরোধও জানায়। তবে দেশের আত্মসম্মান ও মর্যাদার প্রশ্নে তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে, সেটির জন্য তাৎক্ষণিক একটা প্রতিবাদ করা দরকার ছিল।” দেশের ভাবমূর্তি রক্ষায় রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দিতেই তিনি ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে গতকাল সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।
এদিকে বাংলাদেশের একজন উচ্চপদস্থ উপদেষ্টার সঙ্গে দিল্লির বিমানবন্দরে এমন আচরণে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে ঢাকার কূটনৈতিক মহলে। গতকাল সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে এবং সরকারের পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুরো ঘটনাটি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ঢাকা।




















