বাংলামোটরে ৩০ কেজি গাঁজা, ৫১ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট এর সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বাংলামোটর এলাকার নিউ ইস্কাটন রোডে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৫১ বোতল ভারতীয় তৈরি কোডিনযুক্ত এসকাফ সিরাপসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম—সুশীল মালী (৩২)। তার বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায়।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাংলামোটরের নিউ ইস্কাটন রোডে বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম এ অভিযান চালায়। অভিযানে সুশীল মালীর কাছ থেকে ৩০ কেজি গাঁজা, কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড-সমৃদ্ধ ভারতীয় তৈরি ৫১ বোতল এসকাফ (ESkuf) সিরাপ এবং একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।




















