এনআইডি সংশোধন: কোন তথ্যে কী কী কাগজপত্র লাগবে?
- আপডেট এর সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 28
জাতীয় পরিচয়পত্রে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানা সংশোধনের ক্ষেত্রে ভুলের ধরন অনুযায়ী আলাদা আলাদা নথিপত্রের প্রয়োজন হয়।
১. নিজের নাম সংশোধন
বানান বা আংশিক পরিবর্তন: শিক্ষাগত যোগ্যতার সনদ (এসএসসি/সমমান), অনলাইন জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অথবা বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা ও স্বামী/স্ত্রীর এনআইডির কপি।
সম্পূর্ণ নাম পরিবর্তন: এসএসসি/সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা (Affidavit) এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি। উল্লেখ্য, সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশনে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে।
২. বাবা-মায়ের নাম সংশোধন
বানান বা পদবি পরিবর্তন: নিজ শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডি কার্ডের অনুলিপি এবং নাগরিকত্ব বা চাকরির প্রমাণপত্র।
সম্পূর্ণ নাম/আমূল পরিবর্তন: এসএসসি/এইচএসসি বা সমমানের সনদ/রেজিস্ট্রেশন কার্ড এবং বাবা-মায়ের এনআইডির সত্যায়িত কপি। বাবা-মা মৃত হলে ভাই-বোনদের এনআইডির অনুলিপি প্রয়োজন হতে পারে।
৩. জন্মতারিখ ও বয়স সংশোধন
এসএসসি বা সমমান পাসদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি। (বয়সের ব্যবধান অনেক বেশি হলে মূল সনদ প্রদর্শন বা শুনানিতে হাজির হতে হতে পারে।)
এসএসসি বা সমমানের নিচে (স্বল্প শিক্ষিত/অশিক্ষিত): এনআইডি ইস্যুর আগের সার্ভিস বুক, এমপিওর কপি, অনলাইন জন্মনিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা নিকাহনামা। ক্ষেত্রবিশেষে সিভিল সার্জন কর্তৃক বয়স নির্ধারণী মেডিকেল রিপোর্ট লাগতে পারে।
৪. ঠিকানা সংশোধন
সাধারণ ঠিকানা সংশোধন (বানান বা বাসা নম্বর): অনলাইন জন্মনিবন্ধন সনদ, সাম্প্রতিক বিদ্যুৎ/গ্যাস/টেলিফোন বিল, পৌরকর/চৌকিদারি করের রসিদ এবং চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলরের প্রত্যয়নপত্র।
ভোটার এলাকা পরিবর্তন: নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আবেদন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ভুলের মাত্রা বা জটিলতার ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে অথবা সরেজমিন তদন্ত ও শুনানির নির্দেশ দিতে পারে



















