প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে স্থান পেল জুলাই অভ্যুত্থান ও ঐতিহাসিক বীরদের আত্মত্যাগের গল্প
- আপডেট এর সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 17
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধিকার ও অধিকার আদায়ের রক্তাক্ত ইতিহাস এখন পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে। পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’-এর ২২ নম্বর পাঠে ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক রচনার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সামনে দেশের বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।
এই বিশেষ রচনাটিতে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ঐতিহাসিক বাঁকে আত্মদানকারী বীরদের একসূত্রে গাঁথা হয়েছে। এতে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার; ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ আসাদ, মতিউর ও তাঁর মা আনোয়ারা বেগম, সার্জেন্ট জহুরুল হক ও অধ্যাপক শামসুজ্জোহার মহান আত্মত্যাগের বিবরণ স্থান পেয়েছে।
একই ধারাবাহিকতায় ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কথাও অত্যন্ত মর্যাদার সঙ্গে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৮৩ সালের ছাত্র আন্দোলনে শহীদ সেলিম-দেলোয়ার, ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনে শহীদ ডা. মিলন ও শহীদ জেহাদের নাম।
ইতিহাসের এই অবিচ্ছিন্ন ধারায় যুক্ত হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থানের পটভূমি। গল্পটিতে উল্লেখ করা হয়েছে যে, দীর্ঘ সংগ্রামের পরও মানুষের মৌলিক অধিকার ও সমতা অর্জিত না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এ সময় রংপুরে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম এবং গোলাম নাফিজ ও নাহিয়ানসহ অগণিত শিশু-কিশোরের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে।
পাঠ্যবইয়ে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের এই অভ্যুত্থানে প্রায় দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন এবং অনেকেই চিরতরে দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন। একটি বৈষম্যহীন, সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও ইতিহাসচেতনা জাগিয়ে তুলতেই পাঠ্যপুস্তকে এই ঐতিহাসিক অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।




















