দুমকীতে ড্রেজারের ব্যবসায় চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদ করায় কারাগারে ছাত্রদল নেতা
- আপডেট এর সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 10
পটুয়াখালীর দুমকীতে ড্রেজার দিয়ে বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দায়ের করা মামলায় শফিকুল ইসলাম ইমরান(২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে তার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইমরান দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও প্রথম সারির নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরানসহ কয়েকজন ছাত্রদল নেতা ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা শুরু করেন। এ ব্যবসার ভাগ হিসেবে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোমাদ্দার তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ইমরানের। এর মধ্যে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তালতলী বাজার এলাকায় এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ইমরানের অভিযোগ, পরে খলিলুর রহমান তাঁর মোটরসাইকেলের পথ আটকে চাবি নিয়ে যান এবং তাঁকে গালাগাল করেন।
অন্যদিকে, খলিলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থানায় মামলা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু বলেছিলাম, আমার ওয়ার্ডে ব্যবসা করবে, সেটা আমাকে একটু জানাবে না?’ দুমকি থানার ওসি জানান, ওই মামলার দুই নম্বর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, খলিলুর রহমানের বিরুদ্ধে ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন উত্তর চরবয়ড়া গ্রামের মোহাম্মদ আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে টাকা নেওয়া হলেও তাঁদের কার্ড দেওয়া হয়নি, ফেরত দেওয়া হয়নি টাকাও।
এ ছাড়া দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বালু ভরাটের কাজ নিয়ে ৩০ হাজার টাকা লেনদেনের বিষয়ে স্থানীয়দের সঙ্গে খলিলুর রহমানের বাকবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শ্রীরামপুর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ খলিফাকে উদ্দেশ করেও তাঁকে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে আরেকটি ভিডিওতে।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খলিলুর রহমান জোমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
















