টোকেন নিলেই অবৈধ সিএনজি হয়ে যায় বৈধ
- আপডেট এর সময় : ০১:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 247
সিলেটের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ সিএনজি অটোরিকশা। আশপাশের জেলার অনেক সিএনজি চলাচল করছে অবাধে। এমনকি নাম্বারবিহীন অনেক সিএনজি দেখা যায় জেলাজুড়ে।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী সিলেটে বৈধ সিএনজি-অটোরিকশার সংখ্যা ১৯ হাজার ২০০। কিন্তু সড়কে চলাচলকারী এই থ্রিহুইলারের সংখ্যা আরও অনেক বেশি। প্রতিদিন কয়েক হাজার সিএনজি সিলেট ও এর আশপাশের জেলা মৌলভীবাজার-সুনামগঞ্জসহ সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে।
এসব সিএনজির অধিকাংশরই নেই বৈধ লাইসেন্স। পার্শ্ববর্তি জেলার নাম্বার প্লেটে অনেক সিএনজি চলাচল করছে সিলেটে। কিন্তু কিভাবে অবৈধ ও নাম্বারবিহীন সিএনজি অবাধে চলাচল করছে জেলাজুড়ে, সেই প্রশ্নের উত্তরে সিএনজি চালকরা জানান, টোকেন নিয়ে সড়কে চলাচল করছেন তারা।প্রতি মাসে নির্ধারীত টাকা দিয়ে নিতে হয় টোকেট। এই টোকেন দেখালে পুলিশ গাড়ি ছেড়ে দেয়।এজন্য পুলিশের নির্ধারিত লোকের সঙ্গে যোগাযোগ করে টোকেন নিতে হয় বলেও জানান তারা।
সড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন জানতে চাইলে বিশ্বনাথ উপজেলার বালাগঞ্জ ওসমানীগরের সার্কেল এসপি বলেন, অবৈধ সিএনজি চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। এরপরও অনেকে সিএনজি অটোরিকশা মহানগরের আশপাশে চলাচল করছে। সেগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
এদিকে টোকেন বাণিজ্য নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, কারও বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, বিআরটিএ বলছে, অবৈধ যানবাহন বিরোধী অভিযান চলমান রয়েছে। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফিরবে।
বিপদজনক এই যান চলাচল নিয়ন্ত্রণ করে সড়কে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার।















