আইজিপির বাড়িতে চুরি
- আপডেট এর সময় : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 47
বাগেরহাট শহরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত আইজিপির তিনতলা বাড়িতে এ চুরি হয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে যায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় বাগেরহাট শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সুযোগে চোরচক্র বাড়ির সীমানার ভেতরে ঢুকে পড়ে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলোর নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নেয় তারা। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। কারা জড়িত তা উদঘাটনে একাধিক টিম কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’




















