মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার
- আপডেট এর সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 14
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতাররা হলেন- গ্রুপটির অন্যতম সহযোগী মো. রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও মো. শাহা পরান (২৩)।
সোমবার (৬ জুলাই) র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল রাতে পল্লবী থানার এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রুপটির সক্রিয় সদস্যদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এর আগে গত ১৭ জুন ও ৪ জুলাই একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও পাঁচজন গ্রেফতারের মাধ্যমে মোট ১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের এই কর্মকর্তা আরও জানানা, গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানার একটি এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া টুন্ডা হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাং দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।




















