বাঁশখালী-হাতিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড
- আপডেট এর সময় : ০৪:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 9
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চট্টগ্রামের বাঁশখালী ও নোয়াখালীর হাতিয়ায় ত্রাণ ও জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই)
কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
এদিকে শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার কাটাখালী গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করে।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















