মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩
- আপডেট এর সময় : ১০:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 8
নিজস্ব প্রতিবেদক,মানি লাইন
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি (DAP) সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন,গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













