শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা; ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা
- আপডেট এর সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 25
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২০ ও ২১ অক্টোবরের পাশাপাশি নির্বাহী আদেশে ২২ অক্টোবরের ছুটির অনুমোদনও দেওয়া হয়েছে। তবে ছুটির ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৭ অক্টোবর শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা, ডাক, টেলিফোন, ইন্টারনেট এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবার মতো জরুরি পরিষেবা ও সংশ্লিষ্ট যানবাহন এই ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।




















