সরকারি কলোনিতে ভয়াবহ লিফট দুর্ঘটনা: ছিঁড়ে পড়ল তার, শিশুসহ দুইজনের পঙ্গুত্বের আশঙ্কা
- আপডেট এর সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 34
আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়াস্থ সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আবাসন (পশ্চিম গেইট)-এর ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনে এক মর্মান্তিক লিফট দুর্ঘটনা ঘটেছে। ফজরের নামাজ শেষে ভবনের অধিবাসীরা যখন নিজ নিজ ফ্ল্যাটে ফিরছিলেন, ঠিক সে মুহূর্তে ১ নম্বর ভবনের লিফটটির সবগুলো তার (ক্যাবল) হঠাৎ ছিঁড়ে যায়। বিকট শব্দে লিফটটি উপর থেকে একদম নিচতলায় আছড়ে পড়ে। এতে লিফটে থাকা শিশুসহ দুই জন অ্যালোটি মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার সাথে সাথেই আহতদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের আঘাত অত্যন্ত গুরুতর; একজনের পা থেকে মাংস সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাদের শরীরে রক্ত প্রদান করা হয়েছে। নিটোর-এর কর্তব্যরত চিকিৎসক উদ্বেগ প্রকাশ করে জানান যে, এই মারাত্মক আঘাতের কারণে আহত দুইজনের পা-ই আজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি আবাসনে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ক্ষুব্ধ বাসিন্দারা। লিফটের মতো জরুরি ও স্পর্শকাতর ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত লিফটটি সংস্কারের দাবি জানিয়েছেন কলোনির অধিবাসীরা।



















