জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক: বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান
- আপডেট এর সময় : ০৩:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 23
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মূলত বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসি-এর ধারাবাহিক সহযোগিতা ও বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন নীতি-বিধান সহজ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে। একই সাথে জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে জেবিআইসি-এর একটি স্থায়ী কার্যালয় খোলার অনুরোধ জানালে গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















