কার্গোতে অগ্নিকাণ্ড ও মধ্যপ্রাচ্য সংকটে ব্যাহত ঢাকা কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা
- আপডেট এর সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 25
কার্গোতে বারবার অগ্নিকাণ্ড এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাবে ঢাকা কাস্টমস হাউজে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়নি বলে জানিয়েছেন কমিশনার মোহা. মসিউর রহমান। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। কমিশনার জানান, গত অর্থবছরে রাজস্ব আদায়ে মাত্র ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬ শতাংশ কম। বারবার অগ্নিকাণ্ডের ফলে স্ক্যানারসহ গুরুত্বপূর্ণ লজিস্টিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় পণ্য খালাস ও শুল্কায়নে ধীরগতিসহ নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তবে রাজস্ব আদায় বাড়াতে চলতি অর্থবছরে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কাস্টমস হাউজের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন কমিশনার। তিনি জানান, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বর্তমানে ঢাকা কাস্টমসের ৪৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এসব বিদ্যমান সংকট ও লজিস্টিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে রাজস্ব ফাঁকি, পণ্য চুরি বা লিকেজের মতো যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের দ্রু আইনের আওতায় আনা হবে। রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখাই ঢাকা কাস্টমসের মূল লক্ষ্য।


















