ঢাকা বিমানবন্দরে এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগ থেকে ৩৮.৫ লিটার বিদেশি মদ উদ্ধার
- আপডেট এর সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 6
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে একই ফ্লাইটের ৭ জন যাত্রীর লাগেজ থেকে মোট ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল (এয়ারপোর্ট সি-শিফট) জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার (Air India) AI2183 ফ্লাইটের কতিপয় যাত্রী ব্যাগেজে করে ব্যাগেজ বিধিমালা বহির্ভূত বিদেশি মদ বহন করছেন। এর ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করেন।
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১০টা ৪৩ মিনিটে ফ্লাইটটি অবতরণ করার পর যাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন ৭ যাত্রীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মোঃ ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, মোঃ নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমীন শেখের ব্যাগ থেকে ৩.৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।



















