এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ
- আপডেট এর সময় : ০৮:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর ক্যাডেট কলেজ ব্যতীত সেনাবাহিনী পরিচালিত মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।
প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জনসহ সর্বমোট ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৬১৯ জন। এ বছর প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছে আইএসপিআর।
এ অর্জনের পেছনে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিক-নির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের দক্ষ নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকাসহ নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্য অর্জনে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের এ সাফল্য মানসম্মত শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের নিরলস প্রচেষ্টার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইএসপিআর।




















