বাংলাদেশে জাপানের বিশাল বিনিয়োগ: আগামী ৫ বছরে আসছে ৬৩৬ কোটি ডলার
- আপডেট এর সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 19
বাংলাদেশে শিল্প উৎপাদন সম্প্রসারণ ও জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে জাপান। জাপানি সংবাদপত্র নিক্কেই-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের শেষের দিকে জাপানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যার পর যৌথ বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবিত বিনিয়োগের ঘোষণা আসবে। মূলত অটোমোবাইল, উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো নির্মাণ খাতকে কেন্দ্র করেই এই বিপুল অর্থ বিনিয়োগ করা হবে। এছাড়া সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য জাপানি ট্রেডিং কোম্পানির উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রবেশ নিশ্চিত করাও এই বিনিয়োগ পরিকল্পনার অন্তর্ভুক্ত। জাপানের এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক পুঁজি আকর্ষণ, শিল্পের বৈচিত্র্য আনা এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত সূচনা করতে পারে।




















