পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা করার দাবি
- আপডেট এর সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 30
তৈরি পোশাকখাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং সহকারী অপারেটর পদে শুরুর সর্বনিম্ন মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা (বা ৩০০ ডলার) নির্ধারণের দাবি জানিয়েছে চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর এবং লিখিত বক্তব্য পাঠ করেন জোট নেতা খালেকুজ্জামান লিপন। একই সঙ্গে নতুন মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধি যুক্ত করার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, বাংলাদেশ শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি, উৎপাদনশীলতা ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেই এই মজুরির হিসাব বের করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট ৪৮ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে ৩৮.৭০ বিলিয়ন ডলারই এসেছে পোশাক খাত থেকে, যা মোট আয়ের প্রায় ৮১ শতাংশ। গত ১০ বছরে শ্রমিক ও কারখানার সংখ্যা কমলেও তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে জাতীয় অর্থনীতিতে মূল ভূমিকা রাখা এই শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নয়ন জরুরি।
গবেষণা ও বাজারদরের হিসাব উল্লেখ করে নেতারা বলেন, চার সদস্যের একটি পরিবারের ন্যূনতম মাসিক ব্যয় ৫৭ হাজার থেকে ৭০ হাজার টাকারও বেশি। প্রধান উপার্জনকারী হিসেবে একজন শ্রমিকের পরিবারের ৬০ শতাংশ খরচ বহন করতে হলেও তাঁর আয় অন্তত ৩৭ থেকে ৩৮ হাজার টাকা হওয়া প্রয়োজন। সরকারি বেতনকাঠামো, মূল্যস্ফীতি, বাজারদর এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি বিবেচনা করে পোশাকশ্রমিকদের এই ন্যায্য মজুরি দ্রুত নির্ধারণের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান শ্রমিক নেতারা।




















