বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা সাউরি হত্যা: তরুণী দিশা গ্রেপ্তার, বন্ধু দীপের রিমান্ড শুরু
- আপডেট এর সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 6
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রাথমিক সম্পৃক্ততার জেরে সাউরির বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনার তদন্তে শনিবার রাতে ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
তদন্ত সূত্রে জানা গেছে, নিহত সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন বন্ধু দীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দীপ সাউরিকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান, তবে সাউরি আর ফিরে আসেননি—দীপ একাই ফেরেন। এছাড়া পরিবারকে ভুল তথ্য দেওয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যে নানা অসংগতি পাওয়ায় তদন্তকারীদের সন্দেহ ঘনীভূত হয়।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী সাউরি গত মঙ্গলবার উত্তরা থেকে নিখোঁজ হন এবং পরদিন বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সাউরির বাবার দায়ের করা মামলার ভিত্তিতে পরে দীপকে গ্রেপ্তার দেখানো হয়। নৌপুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ ও মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

















