সৌদি আরব থেকে হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি চিকিৎসা ব্যয় ফেরত আনল সরকার
- আপডেট এর সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 6
২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের অব্যবহৃত চিকিৎসা ব্যয়ের ১০ কোটি ২৩ লাখ টাকার বেশি (৩৪০ জন হজযাত্রীর বিপরীতে আটকে থাকা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল) ফেরত এনেছে সরকার। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৩১০ জনের বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় ৩০ জনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেইন কায়কোবাদ এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না; তবে জেদ্দাস্থ বাংলাদেশ হজ অফিসের দায়িত্বশীল ভূমিকা ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে গত ২৯ অক্টোবর ‘নুসুক’ (Nusuk) ব্যবস্থায় এই সম্পূর্ণ অর্থ জমা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৬ সালের হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীর ব্যাংক হিসাবে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের ব্যয় হ্রাসের অংশ হিসেবে ২০২৭ সালের হজ প্যাকেজে বিমানভাড়া ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে (যা ২০২৩ সালে ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা)। ধর্মমন্ত্রী জানান, নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা এবং হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করাই সরকারের মূল লক্ষ্য, এবং ভবিষ্যতেও হজযাত্রীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকার এই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।


















