বছর পেরিয়ে আবারও ডানা মেলছে বিমান: ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- আপডেট এর সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 57
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এই ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত সম্পর্কের কথা বিবেচনা করে এই রুটটি পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। মূলত সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দুই দেশের যোগাযোগ জোরদার করতে বিমানকে দ্রুত এই রুটে ফ্লাইট চালুর নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিকভাবে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও জাপানের সিভিল অ্যাভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় সেফটি অডিট সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় চাওয়ায় ফ্লাইট চালুর সম্ভাব্য চূড়ান্ত তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এই রুটের প্রথম দিকের ফ্লাইটগুলো বিমানের সর্বাধুনিক ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। পরবর্তীতে বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাবনার ওপর ভিত্তি করে ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে। ভ্রমণপিপাসু ও যাত্রীদের জন্য সুখবর হলো, আগামী ২০ জুন থেকেই ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে এবং বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে টিকিট উন্মুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই রুটটি পুনরায় চালু হওয়ার ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। যেকোনো আন্তর্জাতিক রুট বাণিজ্যিকভাবে লাভজনক হতে কিছুটা সময় লাগে উল্লেখ করে তিনি বলেন, কার্যকর বিপণন কৌশল, যাত্রীদের আস্থা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘ মেয়াদে লাভজনক ও টেকসই করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই রুটের বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, জাপানে বর্তমানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থী রয়েছেন। তাদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এই রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাপানের সাথে বাংলাদেশের একমাত্র সরাসরি বিমান যোগাযোগ হিসেবে এই রুটটি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে মন্ত্রী উল্লেখ করেন, সরকারের লক্ষ্য কেবল একটি একক রুট পুনরুদ্ধার করা নয়, বরং বাংলাদেশের বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি করা, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক এভিয়েশন খাতে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করা।




















