মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১
- আপডেট এর সময় : ০৬:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 6
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর চকবাজার থানাধীন মিটফোর্ড হাসপাতালে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা মো. আব্দুল মান্নান (৩২) নামে এক ব্যক্তিকে রোগীদের মাত্র ১০০ টাকায় ডাক্তার দেখিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্লাটুন কমান্ডার (পিসি) মো. কামাল পারভেজ, এপিসি শরিফুল ইসলাম এবং আনসার সদস্য সঞ্জয় দাস তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।
আনসার কর্তৃপক্ষ জানায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত দায়িত্ব পালন করছেন।















