আমানতকারীদের অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিশেষ নির্দেশনা
- আপডেট এর সময় : ০৪:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 27
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম দ্রুততম সময়ে স্বাভাবিক করতে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে এলে তিনি এই দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান।
সাক্ষাৎকালে গভর্নর স্পষ্ট করে জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ প্রযোজ্য হবে না। বিষয়টি নিয়ে গ্রাহকদের মাঝে যে অস্পষ্টতা রয়েছে, তা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে প্রচারের নির্দেশ দেন তিনি।
পাশাপাশি তিনি উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালা অনুসারেই ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা যেন প্রয়োজন অনুযায়ী তাঁদের ‘আল-ওয়াদিয়াহ’ চলতি হিসাব, ‘মুদারাবা’ সঞ্চয়ী হিসাব এবং ‘মুদারাবা’ মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



















