উপজেলা পর্যায়ে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন
- আপডেট এর সময় : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 17
উপজেলা পর্যায়ে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের মাধ্যমে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ সেপ্টেম্বর জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর নীতিমালার আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন করা হবে। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান এবং ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ হিসেবে দেওয়া হবে। এ ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না। প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে।
এই কর্মসূচির সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নতুন বা বিদ্যমান ব্যবসায়িক উদ্যোগের বাস্তবসম্মত পরিকল্পনা থাকা আবশ্যক। তবে সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী, আগে ব্যাংক ঋণ গ্রহণকারী বা ঋণখেলাপ ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন না। আগ্রহী উদ্যোক্তারা আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থায়নের পাশাপাশি তরুণদের প্রশিক্ষণ, মেন্টরিং, বাজারসংযোগ ও নিবন্ধন সহায়াতাও প্রদান করা হবে। কোনো প্রকার তদবির, ভুল তথ্য প্রদান বা অন্যের ধারণা চুরি করলে আবেদন বাতিলসহ আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করার বিধান রাখা হয়েছে।


















