৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
- আপডেট এর সময় : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 2
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কালনী এক্সপ্রেস -এ ৪ বছরের কন্যা শিশুকে রেখে ট্রেন থেকে লাগেজ নিয়ে মা নেমে গেলে ছেড়ে দেয় ট্রেন। প্রচন্ড ভিড়ে পারেননি মেয়েকে নামাতে। অতঃপর ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার করা হয় শিশুটিকে।
রবিবার (২০ সেপ্টম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
জানা যায়, শিশুটির মা সিলেট খোলাউরা থেকে কালনী এক্সপ্রেস ট্রেনযোগে ব্রাহ্মণবাড়িয়া রওনা করেন। ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে পৌঁছালে শিশুটির মা ট্রেন থেকে লাগেজ নিয়ে নামার পর প্রচন্ড ভিড়ে মেয়েকে নামাতে পারেন নি। একপর্যায়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু শিশুটি ট্রেনে রয়ে যায়।
আনোয়ার সাত্তার বলেন, গতকাল শনিবার দুপুরে নরসিংদী রেলষ্টেশনে চলন্ত ট্রেন থেকে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান ট্রেনে ৩ থেকে ৪ বছরের একটি শিশুকে পেয়েছেন, তিনি ধারণা করছেন শিশুটির পরিবার ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে নেমে গেছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুমকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
তিনি বলেন সংবাদ পেয়ে হয়ে নরসিংদী রেলওয়ে থানার একটি দল ট্রেনটি নরসিংদী পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে নরসিংদী রেলওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পরিবার নরসিংদী রেলওয়ে থানায় পৌঁছালে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।




















