কুমারখালীতে এক ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ৪২ জন আহত
- আপডেট এর সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 20
কুমারখালী শহরে এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড় ও আঁচড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৪২ জন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে শহরের হলবাজার, আগ্রাকুন্ডার আমতলা, এলঙীর ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এই কুকুরের আক্রমণের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে। ৪২ জনের মধ্যে ২৭ জনকে ইতোমধ্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়।
রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে রোগী ও স্বজনদের ভিড়। কেউ কামড় বা আঁচড়ের স্থানের ক্ষত সাবান ও পানি দিয়ে পরিষ্কার করছেন, আবার কাউকে দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৪২ জন কুকুরের কামড় বা আঁচড়ের চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। তাদের অনেকের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কুকুরটি শহরের বিভিন্ন সড়কে ঘুরে পথচারীদের ওপর হামলা করে। পরে আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হলবাজার থেকে কুকুরের কামড়ে আহত মো. রোকনুজ্জামান বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো কুকুর এসে আমাকে কামড় দিয়ে চলে যায়। আমার পায়ে ক্ষত হয়েছে। চিকিৎসক আমাকে ভ্যাকসিন দিয়েছেন।
রাত ৮টার দিকে চড়াইকোলের হয়তাপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। তিনি বলেন, নামাজ পড়ে বাইরে আসতেই একটি কালো কুকুর আমাকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক বৃহস্পতিবার আবার আসতে বলেছেন।
এদিকে কুকুরটি কোথায় পালিয়েছে তা শনাক্ত ও আটক না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুরা পথে বের হতে ভয় পাচ্ছে।
এব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।




















