এনসিপি ও জামায়াত দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: এমপি খোকন
- আপডেট এর সময় : ১২:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 17
এনসিপি ও জামায়াতে ইসলামী বিএনপি দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
তিনি বলেন, বর্তমান সরকার ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করছেন। তিনি দলের প্রতি সম্মান দেখিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের সবার দায়িত্ব।
এমপি খোকন আরও বলেন, “আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্য হয়েছি। তেমনি দলের সিদ্ধান্তে পদ থেকে সরে দাঁড়ানোর জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু এনসিপি ও জামায়াত বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ শুরু করেছে এবং বিএনপি দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা ১৭ বছর বিরোধী দলে থেকেও জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছি। এখনও আমরা সেই আস্থায় রয়েছি। দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এনসিপি ও জামায়াত কী বলল, তাতে আমাদের কিছু আসে যায় না।”
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ,এমপির সহধর্মীনি চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়াম্যান শাহ্ ইসরাত আজমেরী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল পাত্র, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



















