গাংনীতে রাস্তার আশ্বাসে জমি কিনে বাড়ি ছাড়া খেলোয়াড় আশরাফুলের পরিবার
- আপডেট এর সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 5
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠপাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন দেশবরেণ্য ভারোত্তোলন খেলোয়াড় আশরাফুল ইসলাম ও তাঁর পরিবার। ১৯৯৮ সালের দিকে মাঠপাড়ার মাহবুব আলীর কাছ থেকে সোয়া ৩ শতক জমি কিনেছিলেন আশরাফুল ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন। দলিল মূলে জমির পশ্চিম পার্শ্বে রাস্তা উল্লেখ থাকার পাশাপাশি জমি কেনার সময় যাতায়াতের রাস্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি নির্মাণের পর জমির মালিক মাহবুব আলী সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়ে পরিবারটি।
নিজের জমিতে বাড়ি থাকলেও স্বাভাবিক যাতায়াতের পথ না থাকায় প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন তাঁরা। দেশের ক্রীড়াঙ্গনে সম্মান বয়ে আনা একজন খেলোয়াড়কে নিজের বাড়িতে বসবাসের অধিকার রক্ষার জন্য এমন লড়াইয়ে নামতে হওয়ায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জমির দলিল ও মৌজা নকশা অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি অফিসের মাধ্যমে দ্রুত সুষ্ঠু তদন্তপূর্বক আইনি প্রক্রিয়ায় এই দুর্ভোগের অবসান এবং পরিবারটির নিজ বাড়িতে ফেরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



















