বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই প্রতিজনে ১০০০ টাকা ট্যাক্স ধার্যের প্রস্তাব
- আপডেট এর সময় : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 58
সামাজিক ও বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় এবং ‘বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনী’ বন্ধে এক অভিনব প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সামাজিক ও বিয়ের অনুষ্ঠানে যে পরিমাণ অর্থ অপচয় হয়, তা কল্পনার বাইরে।
এমনকি গায়ে হলুদের কোরিওগ্রাফি ও নাচের জন্য এক মাস পর্যন্ত প্রশিক্ষণ নেওয়া হয় এবং হাজার হাজার মানুষ এসে এসব নাচ-গানে অংশ নিয়ে খাবার অপচয় করে। এই অপচয় ও বিত্তের প্রদর্শনী বন্ধ করা জরুরি।
সাবেক অতিথি নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য প্রস্তাব করেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে পরবর্তী প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা হোক। তিনি জোরালো দাবি জানিয়ে বলেন, বিয়ে-শাদীতে যদি এই ধরনের অপচয় এবং বিত্তের প্রদর্শনী পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়, তবে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এক দিনেই ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।




















