বিমানবাহিনীর হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীর উত্তম এ কে খন্দকার দল
- আপডেট এর সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 11
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের হকি মাঠে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি চূড়ান্ত পর্বের খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর সাতটি দল অংশ নেয়।




















