আতাহারে জুমার নামাজ শেষে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ
- আপডেট এর সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 32
মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সংকট এবং মাদক প্রতিরোধে সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আতাহার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।
ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















