বৃন্দাবনে গুরুকুলের পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শিক্ষার্থীর করুণ মৃত্যু
- আপডেট এর সময় : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 27
ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের চৈতন্য বিহারে অবস্থিত ‘বৃন্দাবন গুরুকুলম’ নামের একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে চার জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের সবার বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের একটি পানির ট্যাংক থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় ছাত্ররা তা পরিষ্কার করার জন্য ট্যাংকের ভেতরে নামে। প্রথম শিক্ষার্থী নামার পর বের হতে না পারলে, তাকে উদ্ধার করতে একে একে আরও চার জন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করে এবং সবাই ভেতরে আটকা পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি রাজ্যটির মুখ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি আহত শিক্ষার্থীর যথাযথ চিকিৎসা এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন। ইতোমধ্যে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, কোনো সিসিটিভি ফুটেজে অপরাধের প্রমাণ আছে কি না এবং কেন শিক্ষার্থীদের দিয়ে এত ঝুঁকিপূর্ণ কাজ করানো হলো—তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এলাকার অন্যান্য গুরুকুলগুলোতে অডিট ও ভবন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।




















