যানজট নিরসনের পাশাপাশি মহাসড়কে ডাকাতি দমনে জোর দিলেন হাইওয়ে পুলিশপ্রধান
- আপডেট এর সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি ডাকাতি প্রতিরোধ, অপরাধ দমন গুরুত্ব দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
সভায় আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ এবং সেপ্টেম্বর ২০২৫ মাসের খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে আসন্ন শীতকালকে কেন্দ্র করব তালিকাভুক্ত ডাকাতদের নজরদারিতে রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে দণ্ডবিধি, ১৮৬০-এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।




















