স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
- আপডেট এর সময় : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 19
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিগত ১৭ বছরে সঠিক নির্বাচন না হলেও আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, বিত্তবান না হয়েও সমাজে যাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে এবং এর জন্য নির্বাচন কমিশনকে একটি উপযুক্ত পদ্ধতি নির্ধারণের আহ্বান জানান। তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারের সময় ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না, তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি। এছাড়াও তিনি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে মন্তব্য করেন যে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
ভোলা জেলার প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যের কথা তুলে ধরে স্পিকার বলেন, এ গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এলাকার মানুষের গ্যাসের সমস্যা নিরসনে তিনি জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে আজ সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।



















