বিমানবন্দর মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
- আপডেট এর সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 18
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ সংক্রান্ত শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারও আগে গত ২ অক্টোবর বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় পৌঁছান। যাত্রীর অতিরিক্ত চাপের কারণে ট্রলি সংগ্রহ ও লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলি সংগ্রহ ও লাইনের নিয়ম ভঙ্গকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়। উক্ত ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।




















