জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: কান্তেই-তে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ ও দ্বিপক্ষীয় বৈঠক
- আপডেট এর সময় : ০৪:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 6
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।এর আগে, কান্তেই-তে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। সেখানে জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের পরিচয় করিয়ে দিয়ে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তাঁরা একটি যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেন।উল্লেখ্য, সফরের প্রথম দিন গত সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের সূচনাতেই তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকা (JICA) প্রধান ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন। সফরকালে তিনি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনসহ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন।



















