ছোট ব্যবসার করের চাপ কমাতে এনবিআরের উদ্যোগ: ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর অব্যাহতির প্রস্তাব
- আপডেট এর সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 27
ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ী এবং কম টার্নওভার করা কোম্পানিগুলোর আর্থিক চাপ কমাতে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির নতুন প্রস্তাবনা অনুযায়ী, বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে এমন ব্যবসা ও কোম্পানিগুলোকে ন্যূনতম টার্নওভার কর থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হবে। এর ফলে বর্তমানে প্রতিষ্ঠানগুলোর লাভ বা লোকসান নির্বিশেষে যে ন্যূনতম কর দিতে হয়, সেই বড় চাপ থেকে ছোট ব্যবসায়ীরা স্বস্তি পাবেন।
এনবিআরের প্রস্তাবিত নতুন এই কর কাঠামোতে একাধিক ধাপ নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কোনো কর দিতে হবে না। তবে ২ কোটি টাকার বেশি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ০.২৫ শতাংশ এবং ৩ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ০.৫০ শতাংশ হারে ন্যূনতম কর ধার্য করা হবে। আর যাদের বার্ষিক টার্নওভার ৪ কোটি টাকার বেশি, সেসব ব্যবসা ও কোম্পানিকে বিদ্যমান ১ শতাংশ হারেই ন্যূনতম টার্নওভার কর পরিশোধ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবটির সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন করেছেন এবং এটি চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) অথবা পরবর্তী সপ্তাহের শুরুর দিকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা আদেশ জারি হতে পারে। সরকারের এই পদক্ষেপ মূলত দেশের ছোট ব্যবসাগুলোর ওপর করের বোঝা কমিয়ে তাদের পরিচালন ব্যয় সহজ করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।




















