চীন যাচ্ছেন নিটারের ৮ শিক্ষার্থী: বিসিসিআইয়ের প্রি-ডিপারচার সংবর্ধনা
- আপডেট এর সময় : ০৫:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10
বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থী চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন। এ উপলক্ষ্যে তাঁদের প্রি-ডিপারচার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিসিসিআই কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, এই ধরনের সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেসরকারি খাতের এই ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কারিগরি জ্ঞান অর্জন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদারে দৃষ্টান্ত হয়ে থাকবে। নীতিগত আলোচনা ও বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমানোর পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে দক্ষ মানবসম্পদ ও ব্যবসাবান্ধব পরিবেশ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম জানান, বিশ্বমানের শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে টেক্সটাইল পেশাজীবীদের দক্ষ করে তোলাই চেম্বারের মূল লক্ষ্য। বিশ্বের ৪৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতার নিরিখে তিনি কর্মক্ষেত্রের নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মতো আন্তর্জাতিক অনুশীলনের ওপর জোর দেন। একই সাথে তিনি প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের চীনের আধুনিক কর্মপদ্ধতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ফিরে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের আধুনিকায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ উদ্যোগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে চীনে গমনেচ্ছু নিটার শিক্ষার্থীরা তাঁদের অনুভূতির কথা ব্যক্ত করার পাশাপাশি প্রশিক্ষণ ঘিরে নিজেদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।



















