নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ, এনবিআরের প্রজ্ঞাপন জারি
- আপডেট এর সময় : ০৪:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 29
দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই স্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল; নতুন এই সিদ্ধান্তের ফলে প্যাকেটে আরও ৩ টাকা মূল্য বৃদ্ধি পেল।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লেও অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে বাজেটে নির্ধারিত দর অনুযায়ী প্রতি ১০ শলাকা মধ্যম স্তরের সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তরের সিগারেট ১৬০ টাকা এবং প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেট ২১০ টাকা ও তদূর্ধ্ব মূল্যে বহাল থাকছে। উল্লেখ্য, সর্বশেষ বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছিল।



















