জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট এর সময় : ১২:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 8
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আয়োজিত আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।



















