সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, ৪ দফায় সংগ্রহ সাকুল্যে পৌনে ৩ কোটি
- আপডেট এর সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 19
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, ৪ দফায় সংগ্রহ সাকুল্যে পৌনে ৩ কোটি
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স গণনা শেষে চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মাজার প্রাঙ্গণে জেলা প্রশাসনের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা এ অর্থ গণনা শুরু করেন এবং যা শেষ হয় সন্ধ্যা ৬টায়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।
গণনায় বাংলাদেশি নগদ অর্থ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং বিদেশি মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, থাই বাথ, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলার, ওমানি রিয়াল, ইউএই দিরহাম, ইরাকি দিনার, কাতারি রিয়াল, ইউরো, বাহরাইনি দিনার, পাপুয়া নিউগিনির কিনা, চীনা ইউয়ান ও ইন্দোনেশিয়ান রুপিয়াহ। পাশাপাশি দানবাক্সে বেশ কয়েকটি চিঠিও পাওয়া গেছে।
এ ছাড়া উপহার হিসেবে পাওয়া ৬টি গরু ও ১১১টি ছাগলের মধ্যে ৫টি গরু ও ৭০টি ছাগল লঙ্গরখানার খাবারের জন্য জবাই করা হয় এবং ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি মেটানো হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে ১টি গরু ও ১টি ছাগল দরিদ্র দুই মেয়ের বিয়ের জন্য দান করা হয়েছে।
মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে গত ২৬ জুন গঠিত ১৩ সদস্যের কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সংগ্রহ করা হয়েছিল। আগের ৩ দফার মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকার সাথে এবারের সংগৃহীত অর্থ যোগ হয়ে চার দফায় সর্বমোট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা। গণনা শেষে পুরো অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা হবে।



















