রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার
- আপডেট এর সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 2
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাড়ির চোরাই যন্ত্রাংশসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. জসিম (৪০), মো. হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) ও সুলতান (৪২)।
আকতার হোসেন জানান, গুলশান থানার একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় গাড়ির চোরাই যন্ত্রাংশসহ চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা উত্তর মুগদায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসের কভার ও বডি, গাড়ির লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিটসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। বিশেষ করে দেশে সহজলভ্য নয়, এমন গাড়ির যন্ত্রাংশ চুরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে গোপন গোডাউনে মজুত করত তারা।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে গুলশান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















