কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি, পলিথিন ও ইউরিয়া সার জব্দ
- আপডেট এর সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি, ঢাকার শোয়ারি ঘাট থেকে ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৩০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় গত বুধবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।
সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়।
অন্যদিকে, ঢাকার চকবাজার থানার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারি ঘাট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। কোস্ট গার্ডের ভাষ্য, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দ করা সারের পরিমাণ ৩০ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, পাথরঘাটায় জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সীতাকুণ্ডে জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চোরাচালান ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।




















