বাসসের নতুন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নজরুল গবেষক ও কবি আবদুল হাই শিকদার
- আপডেট এর সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 8
জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার-কে এই পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাসসের পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক আগামী তিন বছর মেয়াদে এই পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। নবগঠিত এই বোর্ড আইনের ৬ ধারার বিধান অনুযায়ী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে এবং প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এই আদেশ কার্যকর বলে গণ্য হবে।
বাসসের নতুন এই পরিচালনা বোর্ডে চেয়ারম্যান ছাড়াও ১২ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন:
মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের ন্যূনতম যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
দাপ্তরিক ও পদাধিকারবলে প্রতিনিধি: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে)।
গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকবৃন্দ: দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান।
অন্যান্য সদস্য: ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।



















