দুদকের অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকা সহ গ্রেফতার
- আপডেট এর সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 176
দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম আজ (মঙ্গলবার) কাস্টমস হাউস, চট্টগ্রামে সফল ফাঁদ অভিযান চালিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ঘুষের টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
অভিযোগ ছিল, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে আমদানি করা BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP (মূল্য ৬,৪২৮.১০ মার্কিন ডলার, HS Code: 3915.90.00) ছাড়করণের কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট সেকশন-৭(বি)-এর কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করেন। তারা নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়করণ বিলম্বিত করে নিলামে বিক্রির হুমকি দেন।
প্রোপাইটর আমির হোসেন এ বিষয়ে দুদককে অবহিত করলে কমিশন প্রয়োজনীয় অনুমোদন নিয়ে পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুদকের টিম ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে এবং ঘুষের টাকা গ্রহণের মুহূর্তে রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে আটক করে।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ সব আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে এই দুর্নীতির সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক।




















