বিমানবন্দরে হারানো ল্যাপটপ ফিরে পেলেন সৌদি প্রবাসী
- আপডেট এর সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 14
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে এসভি-৭৯৮ ফ্লাইটে দেশে আসেন হযরত আলী। বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় অসাবধানতাবশত ট্রলির ওপর ল্যাপটপ রেখে তিনি বাইরে চলে যান।
এ সময় ক্যানোপি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি দেখতে পান কর্তব্যরত এপিসি মো. গোলাম রব্বানী। তিনি ল্যাপটপটি নিরাপদে হেফাজতে নিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পিসি মো. নিজাম উদ্দিনকে জানান।
পরে এভসেক কর্তৃপক্ষের সহায়তায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে মাইকিং করে ল্যাপটপের মালিকের সন্ধান করা হয়। একপর্যায়ে প্রবাসী হযরত আলীকে খুঁজে পাওয়া গেলে তাকে ডিএসও অফিসে আনা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার হারানো ল্যাপটপটি বুঝিয়ে দেওয়া হয়।
ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান হযরত আলী। এ সময় দায়িত্ব পালনে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি।




















