পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত
- আপডেট এর সময় : ১১:৪৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 6
শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক তাদের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ সেপ্টেম্বর ব্যাংকটির ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় বর্তমান ২ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বর্তমানে ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারের মাধ্যমে পূবালী ব্যাংকের ২ হাজার কোটি টাকার মূলধন গঠিত। পর্ষদের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০০ কোটিতে। মূলধন বাড়ানোর এই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলোতেও প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
পর্ষদের গৃহীত এ সকল সিদ্ধান্তের বিষয়ে অনুমোদন নিতে আগামী ২৫ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ ধরা হয়েছে ২৯ সেপ্টেম্বর। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরেই অনুমোদিত মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হবে।



















